পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরের কথা থাকলেও, তা পিছিয়ে আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে। দুই দেশের মধ্যকার প্রস্তাবিত এই সীমিত ওভারের সিরিজটি নতুন বছরের শুরুতে আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই-কে নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) একটি নির্ভরযোগ্য সূত্র। সফরসূচি চূড়ান্ত করতে বর্তমানে ভারত সরকারের সঙ্গে বিসিসিআইয়ের আলোচনা চলমান রয়েছে। অন্যদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) ২০২৭ সালের শুরুর দিকে সিরিজটির জন্য উপযুক্ত সময় বা উইন্ডো খুঁজে বের করতে কাজ করে যাচ্ছে।
বিসিসিআইয়ের সূত্রটি এএনআই-কে জানায়, ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সিরিজটি জানুয়ারি মাসে আয়োজনের সম্ভাবনা বেশি। বিষয়টি নিয়ে ভারত সরকারের সম্মতি ও আলোচনার প্রক্রিয়া চলমান রয়েছে, আর বিসিবি আগামী বছরের শুরুতে সিরিজ আয়োজনের সম্ভাব্য সূচি পর্যালোচনা করছে।
উল্লেখ্য, ভারতের এই বাংলাদেশ সফরটি মূলত ২০১৫ সালের আগস্টে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরবর্তীতে তা পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে পুনঃনির্ধারণ করা হয়। বিসিবি পূর্বে জানিয়েছিল যে, এই সফরে ঢাকা ও চট্টগ্রামে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে।
তবে সেপ্টেম্বরের পূর্বনির্ধারিত সূচি নিয়ে নতুন করে জটিলতা দেখা দিয়েছে। বিসিবি ১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে সিরিজটি আয়োজনের পরিকল্পনা করলেও একই সময়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার ঘোষণা দিয়েছে আফগানিস্তান। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তথ্য অনুযায়ী, আগামী ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে।
এদিকে ভারতের বাংলাদেশ সফর বিলম্বিত হওয়া এবং সার্বিক বিষয নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি জানান, বিসিসিআই ও বিসিবির মধ্যে এ বিষয়ে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে। নিজের দায়িত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, বোর্ড সভাপতি হিসেবে তাঁর কাজের কিছু নির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে এবং তিনি সেই সীমার বাইরে যেতে চান না। তবে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যকার আলোচনা ইতিবাচকভাবেই এগিয়ে চলেছে।























