স্পেনের বার্সেলোনায় প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সামাজিক সংগঠন ‘এসোসিয়েশন কুলতুরাল ই উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালুনিয়া’-এর উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল, রবিবার (১৮ অক্টোবর ২০২৬) রাত ৯:০০ টায় বার্সেলোনার ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট “মধুর ক্যান্টিনে” আয়োজিত এই সভায় সংগঠনের বর্তমান কমিটির সফল সমাপ্তি ঘোষণা করা হয় এবং নতুন কার্যকারী পরিষদ গঠনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও প্রস্তুতি গ্রহণ করা হয়। সভায় সংগঠনের বিদায়ী কমিটির নেতৃবৃন্দ, উপদেষ্টা মণ্ডলী এবং কাতালুনিয়ায় বসবাসরত গণ্যমান্য প্রবাসী, কমিউনিটির সম্মানিত নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বিগত মেয়াদে সংগঠনের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও প্রবাসীদের অধিকার রক্ষায় গৃহীত মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং বিদায়ী কমিটিকে ধন্যবাদ জানান। পাশাপাশি নেতৃবৃন্দ প্রবাসে দেশীয় সংস্কৃতির বিকাশ ও নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করেন। একই সাথে কাতালুনিয়ার স্থানীয় প্রশাসনের সাথে প্রবাসীদের মেলবন্ধন আরও সুদৃঢ় করতে একটি শক্তিশালী ও গতিশীল নতুন কার্যকারী কমিটি গঠনের তাগিদ দেওয়া হয়।
সভার শেষ অংশে সর্বসম্মতিক্রমে বর্তমান কমিটির সফল সমাপ্তি ঘোষণা করা হয়। উপস্থিত সকল সদস্য ও উপদেষ্টাদের মতামতের ভিত্তিতে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আগামী দিনের জন্য একটি যুগোপযোগী ও অন্তর্ভুক্তিমূলক নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়। এর অংশ হিসেবে সর্বনন্দিত ও জনপ্রিয় মোঃ নজরুল ইসলামকে প্রধান করে ২১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি খুব শীঘ্রই সঠিক মূল্যায়ন ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত কমিটি ঘোষণা করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। পরিশেষে, সংগঠনের উদ্দেশ্য বাস্তবায়নে কাতালুনিয়ায় বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করে এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন ও নৈশভোজের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।






















