আগামী পাঁচ বছরে বাংলাদেশে বেসরকারি খাতে ১ ট্রিলিয়ন ইয়েন বা প্রায় ৬৩৬ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে জাপান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেশটির সংবাদমাধ্যম ‘নিক্কেই’ প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শেষের দিকে জাপানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসবেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। বৈঠক শেষে প্রকাশিতব্য যৌথ বিবৃতিতে এই বিশাল বিনিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
নিক্কেইয়ের তথ্য অনুযায়ী, এই বিনিয়োগের বড় একটি অংশ অটোমোবাইল, অন্যান্য উৎপাদন শিল্প এবং জ্বালানি অবকাঠামো নির্মাণ খাতে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া জাপানি ট্রেডিং কোম্পানি সুমিতোমো করপোরেশনসহ বিভিন্ন অংশীদারদের উদ্যোগে গড়ে তোলা ‘বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে’ জাপানি কোম্পানিগুলোর উপস্থিতি ও অংশগ্রহণ বৃদ্ধির বিষয়টিও এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত থাকবে।
প্রস্তাবিত এই বিনিয়োগ পরিকল্পনাটি বাংলাদেশে জাপানি পুঁজি আকর্ষণ, শিল্প উৎপাদনের সম্প্রসারণ ও বৈচিত্র্য আনয়ন এবং দেশের জ্বালানি অবকাঠামোকে শক্তিশালী করার ক্ষেত্রে একটি নতুন ও সম্ভাবনাময় সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।























