চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ২০ হাজার ৬৪০ টাকা, তিনটি মোবাইল ফোন, দুটি এটিএম কার্ড ও দুটি মানিব্যাগ জব্দ করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটে শিবগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বর্ণকারপট্টি এলাকার মুকিম মার্কেটের একটি দোকানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫ রাজশাহীর সিপিএসসি ও চাঁপাইনবাবগঞ্জের সিপিসি-১-এর যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার পার দিলালপুর গ্রামের মো. বশির উদ্দিন (৫৬), কলাবাড়ী গ্রামের মো. মানিক (৩৮) এবং চাঁদ শিকারী গ্রামের মো. ইউসুফ আলী (৫০)।
এসআরবি সূত্রে জানা গেছে, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ উল্লেখিত নগদ টাকা ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।
অভিযান শেষে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে গ্রেপ্তার ব্যক্তিদের জব্দ করা আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জাল নোটের উৎস ও এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়ায় বিস্তারিত তথ্য জানা যেতে পারে।























