জাপান-বাংলাদেশ যৌথ গবেষণা প্রকল্পের (জেএসপিএস-ইউজিসি বাই-লেটারাল জয়েন্ট রিসার্চ প্রজেক্ট) গবেষক ও জেএসপিএসের গবেষণা ফেলো হিসেবে গবেষণার কাজে জাপান যাচ্ছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপ-উপাচার্য ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম।
গবেষণাসংক্রান্ত কাজে জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সোমবার (৫ অক্টোবর) রাতে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে রওনা হবেন তিনি। সফরকালে তাঁর গবেষণাসংক্রান্ত যাবতীয় ব্যয় জাপান সরকার বহন করবে।
প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম “Reduction of arsenic contamination from rice fields through engineered biochar application: A fundamental understanding of metallomics at the soil-biochar interface” শীর্ষক জাপান-বাংলাদেশ যৌথ গবেষণা প্রকল্পের অন্যতম গবেষক ও ফেলো। প্রকল্পটির লক্ষ্য ধানক্ষেতের মাটিতে আর্সেনিক দূষণ কমাতে প্রকৌশলগতভাবে প্রস্তুত বায়োচার ব্যবহারের কার্যকারিতা ও মাটি-বায়োচার সংযোগস্থলে ধাতব উপাদানের আচরণ নিয়ে মৌলিক গবেষণা করা।
এই যৌথ গবেষণা প্রকল্পের জাপান অংশের নেতৃত্ব দিচ্ছেন তোহোকু বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তোময়ুকি মাকিনো।
বাংলাদেশ অংশের নেতৃত্বে রয়েছেন পবিপ্রবির উপ-উপাচার্য ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম।
প্রকল্পের অন্যান্য গবেষকদের মধ্যে রয়েছেন পবিপ্রবির আন্তর্জাতিক শিক্ষার্থী বিষয়ক পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) প্ল্যানিং ডিরেক্টর ড. হাবিব মোহাম্মদ নাসের এবং প্রকল্পের প্রধান গবেষক ও কো-অর্ডিনেটর পবিপ্রবির কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. শামীম মিয়া, যিনি বর্তমানে অস্ট্রেলিয়ার নিউ ইংল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম একজন বিশিষ্ট পেডোলজিস্ট (মৃত্তিকা বিজ্ঞানী)। বাংলাদেশের ঐতিহ্যবাহী ও বিস্তৃত জলাভূমি অঞ্চল চলনবিলের মাটির শ্রেণিবিন্যাস নিয়ে গবেষণা করে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। গবেষণা ও উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের পাশাপাশি বর্তমানে তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্ব পালন করছেন।
জাপান সফরকালে তিনি যৌথ গবেষণা প্রকল্পের বিভিন্ন বৈজ্ঞানিক কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট গবেষকদের সঙ্গে গবেষণার অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে কাজ করবেন।
গবেষণার এই গুরুত্বপূর্ণ সফর সফলভাবে সম্পন্ন করতে প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম সকলের কাছে দোয়া কামনা করেছেন।























