পঞ্চগড়ের বোদায় ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনের হারানো সোনালী অতীত ফিরিয়ে আনার লক্ষ্যে মাঠে নেমেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। সম্প্রতি বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ভোরে তাঁর ফুটবল ও ব্যাডমিন্টন খেলার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসার সৃষ্টি হয়।
পদের গাম্ভীর্য ও প্রটোকল দূরে সরিয়ে সাধারণ মানুষ, বোদা উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, বিএনপি নেতা, ক্রীড়া সংগঠক এবং সাবেক ও বর্তমান খেলোয়াড়দের সঙ্গে তিনি স্বতঃস্ফূর্তভাবে খেলায় অংশ নেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এই ডেপুটি চেয়ারম্যান সময় পেলেই ভোরে মাঠে এসে তরুণদের উৎসাহিত করার পাশাপাশি ক্রীড়াঙ্গন সক্রিয় করতে প্রশাসনিক উদ্যোগ ও পরামর্শ দিচ্ছেন।
স্থানীয় ক্রীড়াবিদ ও সচেতন মহলের মতে, একজন প্রতিমন্ত্রীর এভাবে মাঠে উপস্থিত হওয়া তরুণদের মাঝে উন্মাদনা তৈরি করেছে, যা নতুন প্রতিভা বিকাশ এবং মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে বড় ভূমিকা রাখবে। সাবেক ক্রীড়াবিদদের প্রত্যাশা, প্রতিমন্ত্রীর এই অনুপ্রেরণামূলক ধারাবাহিক উদ্যোগের মাধ্যমে পঞ্চগড়ের ক্রীড়াঙ্গনে আবার প্রাণের স্পন্দন ফিরে আসবে এবং গৌরবময় অতীত পুনঃপ্রতিষ্ঠিত হবে।























