রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। আজ মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে বকেয়া বেতন ও বিভিন্ন ভাতার দাবিতে তারা সড়কের ওপর অবস্থান নেন। আকস্মিক এই অবরোধের ফলে গুরুত্বপূর্ণ এই সড়কের দুই পাশে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ঘটনার পরপরই ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যার ফলে অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকরা তাদের পাওনা আদায়ে প্রশাসনের কাছে মোট ৭টি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করেছেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে— গত মে মাসের বকেয়া বেতন পরিশোধ, ২০২৫ সালের ছুটির টাকা এবং একই বছরের ডিসেম্বর মাসের এরিয়া বিলের টাকা প্রদান করা। এর পাশাপাশি তারা নোটিশ পে-বিল পরিশোধের জোর দাবি জানিয়েছেন।
একই সাথে শ্রমিকরা শ্রম আইন অনুযায়ী পরবর্তী ৪ মাস বা ১২০ দিনের বেতন-ভাতা এবং সব শ্রমিক-কর্মচারীর সার্ভিস বেনিফিট শতভাগ (১০০%) পরিশোধের দাবি তুলেছেন। তাদের শেষ দাবিটি হলো— ন্যায্য প্রাপ্য আদায়ের এই আন্দোলনে যুক্ত থাকার কারণে কোনো শ্রমিক-কর্মচারীকে পুলিশি মামলা, হুমকি, ভয়ভীতি প্রদর্শন কিংবা শারীরিক ও মানসিক নির্যাতনের মতো কোনো ধরনের হয়রানি করা যাবে না।

Md.Rasel Khan 




















