“জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় নিরাপদ সড়ক চাই (নিসচা), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের নবগঠিত চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি ও ক্রীড়া সংগঠক মোস্থাফিজুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর রবিউল ইসলাম রবি, সহসভাপতি আব্দুল হাকিম এবং দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণাবিষয়ক সম্পাদক সাংবাদিক মেহদিসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক, যাত্রী ও সাধারণ মানুষ—সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। ট্রাফিক আইন মেনে চলা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, সড়কে অবৈধ যানবাহনের চলাচল বন্ধ এবং ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে। চালকদের দায়িত্বশীল আচরণ, যাত্রীদের সচেতনতা এবং আইন প্রয়োগকারী সংস্থার যথাযথ ভূমিকা নিশ্চিত করা গেলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
তাঁরা বলেন, সড়ক দুর্ঘটনায় একটি প্রাণহানি শুধু একটি পরিবারের স্বপ্ন ও সম্ভাবনাকেই থামিয়ে দেয় না, বরং পরিবারটিকে দীর্ঘমেয়াদি দুর্ভোগের মুখেও ঠেলে দেয়। তাই জীবিকার তাগিদে কিংবা দ্রুত গন্তব্যে পৌঁছানোর প্রতিযোগিতায় জীবনের ঝুঁকি নেওয়া কোনোভাবেই কাম্য নয়।
জাতীয় নিরাপদ সড়ক দিবসের কর্মসূচি থেকে নিরাপদ সড়ক নিশ্চিত করা, জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগে দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।























