ট্রাফিক ব্যবস্থাপনায় কর্মদক্ষতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগের ১১ পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর গুলশানের ইমানুয়েলস পার্টি সেন্টারে আয়োজিত মাসিক কল্যাণ সভায় অক্টোবর মাসের কর্মদক্ষতা ও পারফরম্যান্সের ভিত্তিতে তাঁদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাফিক গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. তারেক জুবায়ের। এ সময় অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জিয়াউর রহমান, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক গুলশান জোন) সৌমিক হাসান এবং সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক বাড্ডা জোন) নুসরাত ইয়াসমিন তিশা উপস্থিত ছিলেন।
অক্টোবর মাসের সেরা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন, সেরা সার্জেন্ট নয়ন করণ এবং সেরা কনস্টেবল হয়েছেন মো. জুয়েল মিয়া।
এ ছাড়া মহাখালী বাস টার্মিনাল যানজটমুক্ত রাখার ক্ষেত্রে ভূমিকার স্বীকৃতি হিসেবে টিআই ওমর ফারুক, সেরা ইভেন্ট ব্যবস্থাপনায় টিআই গুঞ্জন কুমার দে এবং কমিউনিটি পুলিশিংয়ে ভূমিকার জন্য সার্জেন্ট সাদ্দাম হোসেনকে পুরস্কৃত করা হয়।
অন্যদের মধ্যে ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার পেয়েছেন সার্জেন্ট জুয়েল ইসলাম, ইকরামুল আলম, আঞ্জুম আল হাসিব ও মাহবুব হাসান। অন্যদিকে বদলিজনিত বিদায় উপলক্ষে টিআই মেহেদী হাসানকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।
কল্যাণ সভায় পুলিশ সদস্যদের পেশাগত মনোবল বাড়ানো, দায়িত্ব পালনে উৎসাহিত করা এবং জনবান্ধব ও সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি জনসেবার মান আরও উন্নত করতে সবাইকে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।






















