জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুন লাগার একটি ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, বাস্তবে তার বাড়িতে অগ্নিকাণ্ডের কোনো ঘটনাই ঘটেনি। বাস্তবে না ঘটা এই ঘটনার ভিডিও কীভাবে তৈরি ও প্রচার করা হলো, রাজনৈতিক প্রতিহিংসা বা উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অংশ কি না এবং এর পেছনে কারা জড়িত—তা উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।
ফেসবুক পোস্টে আরও অভিযোগ করা হয়, এর আগেও নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে বিভিন্ন মিথ্যা ন্যারেটিভ তৈরি করে তার ওপর হামলার পরিবেশ সৃষ্টি এবং হামলাকে বৈধতা দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তার ওপর অন্তত পাঁচবার হামলার ঘটনা ঘটলেও দৃশ্যমান কোনো বিচারের উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি তার ওপর হামলা কেন ‘জায়েজ’, সে ধরনের বক্তব্য সরকারদলীয় দায়িত্বশীলদের কাছ থেকেই এসেছে বলে পোস্টে উল্লেখ করা হয়।
চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে নাসীরুদ্দীন পাটওয়ারীর আপসহীন অবস্থানের কারণেই একটি সন্ত্রাসী ও স্বার্থান্বেষী মহল তার কণ্ঠ স্তব্ধ করতে সম্মিলিতভাবে এই অপপ্রচারে নেমেছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে প্রচারিত ভুয়া ভিডিও, অতীতের হামলা এবং অব্যাহত অপপ্রচারের সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়।






















