সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সমালোচনার মুখে পড়ার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের স্টাফ অফিসারের দায়িত্ব থেকে অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাসুদ রানাকে সরিয়ে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (২৫ জুন) এক অফিস আদেশের মাধ্যমে তাকে ডিএমপির সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) বিভাগে এডিসি হিসেবে বদলি করা হয়। ডিএমপির উপকমিশনার (সদর দপ্তর ও প্রশাসন-অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ সারোয়ার আলম স্বাক্ষরিত এই বদলির বিষয়টি পরদিন শুক্রবার (২৬ জুন) নিশ্চিত করেন ডিএমপি কমিশনারের বিশেষ সহকারী এডিসি ফয়েজ ইসলাম।
ডিএমপি সূত্রে জানা গেছে, প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর সামাজিক যোগাযোগমাধ্যমে এডিসি মাসুদ রানাকে নিয়ে বেশ কয়েকটি পোস্ট ও ভিডিও প্রকাশ করার পর এই বিতর্কের সূত্রপাত হয়। এর মধ্যে একটি ভিডিওতে মাসুদ রানাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মানবতার মা’ বলে সম্বোধন করতে শোনা যায়। এছাড়া অপর একটি পোস্টে সাংবাদিক জাওয়াদ নির্ঝর অভিযোগ তোলেন যে— শেখ হাসিনাকে প্রকাশ্যে ‘মা’ সম্বোধন করা, তার জন্য নোবেল পুরস্কার কামনা করা এবং আওয়ামী লীগ-ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের সুবাদে প্রভাব বিস্তারের মতো গুরুতর অভিযোগ থাকার পরও মাসুদ রানা ডিএমপি কমিশনারের স্টাফ অফিসারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে বহাল ছিলেন। এসব বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হওয়ার প্রেক্ষিতেই তাকে এই পদ থেকে বদলি করা হলো। তবে নিজের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে এডিসি মাসুদ রানার কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।























