মাদক, বাল্যবিবাহ, আত্মহত্যা, যৌতুক, ইভটিজিং, সাইবার অপরাধ ও সড়ক নিরাপত্তাসহ বিভিন্ন সামাজিক বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা ও ট্রাফিক পুলিশের উদ্যোগে নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
কর্মশালায় শিক্ষার্থীদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সচেতন নাগরিক। মাদক সমাজে নানা অপরাধের অন্যতম কারণ। মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সম্ভাবনাময় ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।
তিনি বাল্যবিবাহের কুফল তুলে ধরে বলেন, বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ এবং এটি শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ে ওঠার পথে বড় বাধা। ১৮ বছরের নিচে মেয়েদের এবং ২১ বছরের নিচে ছেলেদের বিয়ে আইনত নিষিদ্ধ।
বাল্যবিবাহের কারণে শিক্ষাজীবন ব্যাহত হয়, স্বাস্থ্যঝুঁকি বাড়ে এবং পারিবারিক নানা সমস্যার সৃষ্টি হয়। এ ধরনের ঘটনা সম্পর্কে জানতে পারলে ৯৯৯ নম্বরে অথবা নিকটস্থ থানায় জানানোর জন্য তিনি শিক্ষার্থীদের পরামর্শ দেন।
আত্মহত্যা প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে পুলিশ সুপার বলেন, জীবন অমূল্য; কোনো সমস্যাই জীবনের চেয়ে বড় নয়। পরীক্ষায় খারাপ ফল, পারিবারিক চাপ, ইভটিজিং কিংবা মানসিক কষ্ট থেকে হতাশ হয়ে আত্মহত্যার মতো সিদ্ধান্ত নেওয়া যাবে না। মন খারাপ বা হতাশা অনুভব করলে পরিবারের সদস্য, শিক্ষক, বন্ধু কিংবা পুলিশের সঙ্গে কথা বলতে হবে। মনে রাখতে হবে, আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়।
বর্তমান সময়ে সাইবার নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি ডিজিটাল প্রতারণা থেকে নিজেকে সুরক্ষিত রাখার বিভিন্ন কৌশল সম্পর্কেও শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।
সড়ক নিরাপত্তা বিষয়ে আলোচনায় ছোটবেলা থেকেই ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ ও ট্রাফিক সিগন্যালের সঠিক ব্যবহার এবং সড়কে চলাচলের নিয়ম মেনে চলার মাধ্যমে নিজেদের পাশাপাশি অন্যদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়।
কর্মশালায় শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে ‘সততা স্টোর’ সম্পর্কে ধারণা দেওয়া হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে উৎসাহিত হবে বলে আলোচনায় উল্লেখ করা হয়।
এ ছাড়া মাদক ও ধূমপানের ক্ষতিকর প্রভাব, যৌতুক, ইভটিজিং, ব্যাড টাচ, প্রতারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে নিজেদের জিজ্ঞাসা তুলে ধরে। পরে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং সঠিক উত্তরদাতা শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
কর্মশালায় সহকারী পুলিশ সুপার (প্রবেশনার), সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন আকন্দ, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ শফিক উদ্দিন, ট্রাফিক পুলিশের সদস্য, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসলাম উদ্দিন সহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
কর্মশালার মূল বার্তা ছিল— “আইন মেনে চলব, নিরাপদ জীবন গড়ব—সচেতন নাগরিক হব।”
29 October 2026






















