চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯টি ককটেল সদৃশ বস্তু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ।
রোববার (৪ অক্টোবর) সকালে শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সকাল সোয়া ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫৩ বিজিবির অধীন রঘুনাথপুর বিওপির একটি টহলদল সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাকসাপাড়া গ্রামের মো. কালাম (৩০) নামে এক ব্যক্তির বাড়ির সামনে অবস্থান নেয়।
এ সময় খড়ের স্তুপের নিচে রাখা একটি কালো বালতির ভেতরে ককটেল সদৃশ কিছু বস্তু দেখতে পায় টহলদল।
পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলটি ঘিরে রেখে শিবগঞ্জ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি ও পুলিশের যৌথ দল সেখানে তল্লাশি চালিয়ে মোট ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে।
উদ্ধার করা বস্তুগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রোববার দুপুর আড়াইটার দিকে শিবগঞ্জ থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে অভিযান ও নজরদারি চালিয়ে যাচ্ছে।
সীমান্তে অপরাধ দমনে বিজিবির এ তৎপরতা অব্যাহত থাকবে।























