চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশের সিদ্ধান্ত থাকলেও তা সম্পর্কিত বিস্তারিত ঘোষণার চূড়ান্ত বিজ্ঞপ্তি পেছাচ্ছে। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সোমবার (২৬ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়ার কথা ছিল। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে বিদেশে থাকায় ফল প্রকাশের তারিখ ও প্রক্রিয়ার বিষয়টি তাঁকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা এখনও সম্ভব হয়নি। সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ বোর্ড চেয়ারম্যানদের উপস্থিতিতে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিদ্ধান্ত নেওয়া হয়, আজ রাতে বা মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীকে অবহিত করার পর তাঁর মৌখিক অনুমোদন মিললেই বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হবে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে পূর্ব আলোচনার ভিত্তিতে নির্ধারিত আগামী ২৯ অক্টোবরের ফল প্রকাশের পরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে। উল্লেখ্য, গত ২ জুলাই শুরু হওয়া এই এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশজুড়ে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।






















