ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মানবসম্পদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা ও এজিএম মো. নাসির উদ্দিন রেজার বিরুদ্ধে সাবেক এক নারী কর্মীকে শ্লীলতাহানি ও ক্রমাগত হয়রানির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী সাবেক কর্মী মরিয়ম আক্তারের আবেদনের ভিত্তিতে খিলক্ষেত থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১০ ধারায় মামলাটি নথিভুক্ত হয়।
অভিযোগসূত্রে জানা গেছে, মরিয়ম আক্তার প্রায় ১৬ বছর ডিএসইতে কর্মরত ছিলেন। ২০২২ সালে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে চাকরি থেকে প্রাপ্ত আয়ে সংসার চালাচ্ছিলেন তিনি। এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্ত নাসির উদ্দিন দীর্ঘদিন ধরে তাঁকে প্রেমের প্রস্তাব ও মুঠোফোনে কুরুচিপূর্ণ মেসেজ পাঠিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় ২০১৮ সাল থেকেই ভুক্তভোগীর ওপর ক্ষিপ্ত ছিলেন ওই কর্মকর্তা।
মামলার বিবরণীতে মরিয়ম আক্তার জানান, মতিঝিল অফিসে কর্মরত থাকাকালে প্রথমবার তাঁকে ডেকে নিয়ে শ্লীলতাহানি করা হয়, যা তিনি ডিএসইর তৎকালীন বিভাগীয় ইনচার্জ ও সহকর্মীদের জানিয়ে বিচার চেয়েছিলেন। পরবর্তীতে কার্যালয় নিকুঞ্জে স্থানান্তরিত হলে নাসির উদ্দিন আরও ক্ষিপ্ত হন এবং চক্রান্ত করে ভুক্তভোগীকে চাকরি থেকে অব্যাহতির তালিকায় যুক্ত করিয়ে চাকরিচ্যুত করেন।
সর্বশেষ ১ এপ্রিল ২০২৬ দুপুরে নিকুঞ্জ-২-এর ডিএসই টাওয়ারের লিফটে ঘটনা ঘটে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, সেখানে ভুক্তভোগীকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং আবারও তাঁর শরীরে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করা হয়। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান। পরবর্তীতে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়া এবং শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে পরামর্শ করার কারণে মামলা দায়ের করতে কিছুটা বিলম্ব হয় বলে জানান তিনি।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মো. নাসির উদ্দিন রেজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অফিসের অভ্যন্তরীণ উল্লেখ করে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। সংশ্লিষ্ট পিআরও বা আইনজীবীর সঙ্গে কথা বলার পরামর্শ দিয়ে তিনি সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।






















