‘আইন জানা ও আইন মেনে চলা প্রত্যেক নাগরিকের দায়িত্ব’—এই বার্তাকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে ট্রাফিক ও অন্যান্য আইনের প্রাথমিক ধারণাবিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রাঙ্গণে জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে এ বিশেষ সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
শিক্ষার্থীদের উদ্দেশে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, আজকের কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের সচেতন নাগরিক। তাই ছোটবেলা থেকেই আইন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে। আইন জানা প্রত্যেক নাগরিকের কর্তব্য।
তিনি বলেন, সড়কে নিরাপদ চলাচলের জন্য জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ ও ট্রাফিক সিগনালের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গাড়ি চালানোর ক্ষেত্রে আইনানুগ বাধ্যবাধকতাগুলো মেনে চলতে হবে। ট্রাফিক আইন অমান্য করার কারণে সড়ক দুর্ঘটনা বাড়ছে এবং ঝরে যাচ্ছে মূল্যবান প্রাণ। আইন লঙ্ঘন করলে জরিমানা, লাইসেন্স বাতিলসহ বিভিন্ন আইনি জটিলতার মুখোমুখি হতে হয়। তাই নিজের পাশাপাশি অন্যের জীবন নিরাপদ রাখতেও সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে।
কর্মশালায় শিক্ষার্থীদের ‘সততা স্টোর’ সম্পর্কেও ধারণা দেওয়া হয়। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা, দায়িত্ববোধ ও আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে জানানো হয়।
এছাড়া শিক্ষার্থীদের মাদক ও ধূমপানের ক্ষতিকর দিক, যৌতুক, বাল্যবিবাহ, ইভটিজিং এবং ‘ব্যাড টাচ’ প্রতিরোধে করণীয় বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন তুলে ধরলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সেগুলোর উত্তর দেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
কর্মশালার অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে সঠিক উত্তরদাতাদের মধ্যে বিজয়ী ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হয়।
কর্মশালায় এএসপি (প্রবেশনার), ট্রাফিক ইন্সপেক্টর, ট্রাফিক পুলিশের সদস্য, চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সচেতনতামূলক এ কর্মশালায় শিক্ষার্থীদের মাঝে আইন সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার পাশাপাশি নিরাপদ সড়ক, মাদকমুক্ত সমাজ ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।























