রাজধানীর শ্যামলীতে অবস্থিত ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালকে শিগগিরই ‘জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট ও হাসপাতাল’-এ রূপান্তর করা হচ্ছে। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ব্যবস্থাপনা কমিটির সভাপতি ববি হাজ্জাজ। তিনি উল্লেখ করেন যে, এই রূপান্তরের ফলে যক্ষ্মা রোগের উন্নত চিকিৎসার পাশাপাশি রোগ নির্ণয়, বিশেষায়িত গবেষণা ও প্রশিক্ষণের সুযোগ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে, যা যক্ষ্মা নিয়ন্ত্রণে একটি আধুনিক ও সমন্বিত প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে।
হাসপাতালের সেবার মান বৃদ্ধি ও সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের শূন্যপদগুলো দ্রুত পূরণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া হাসপাতালের সক্ষমতা বহুগুণ বাড়াতে একটি নতুন ৫০০ শয্যাবিশিষ্ট ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে রোগী ও সর্বসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে হাসপাতালের সামনের ফুটপাত দ্রুত দখলমুক্ত করারও কঠোর নির্দেশ দেন তিনি।
সভা শেষে ববি হাজ্জাজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলেন। এ সময় তিনি স্বাস্থ্যকর্মীদের রোগীদের প্রতি মানবিক ও দায়িত্বশীল আচরণ নিশ্চিতের আহ্বান জানিয়ে বলেন, চিকিৎসা নিতে এসে যেন কোনো রোগীকে সামান্যতম ভোগান্তির শিকার হতে না হয়, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও উপপরিচালক ডা. আয়শা আক্তারের সভাপতিত্বে আয়োজিত এই সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর এবং কমিটির অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।






















