চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত দুইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী এলাকায় একটি কাভার্ডভ্যান বরযাত্রীবাহী মাইক্রোবাসকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন—কক্সবাজারের ঈদগাহ এলাকার বাসিন্দা নিয়াজ মোর্শেদ (২২), তাঁর ছোট বোন মিমতাহ (১৭), তাঁদের মামা মো. ফেরদৌস আলম (৫৫) এবং মাইক্রোবাসের চালক মো. মুন্না।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার একটি কমিউনিটি সেন্টারে মিমতাহর বড় বোনের বিয়ের অনুষ্ঠান শেষ করে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের নিয়ে মাইক্রোবাসটি কক্সবাজারের ঈদগাহে ফিরছিল। পথিমধ্যে শিকলবাহা চৌমুহনী এলাকায় পৌঁছালে একটি ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান মাইক্রোবাসটিকে সজোড়ে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ফেরদৌস আলম ও মিমতাহ প্রাণ হারান।
ঘটনার পরপরই স্থানীয় জনগণ, ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিয়াজ মোর্শেদ ও ড্রাইভার মুন্নাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন অপর সাত আহত ব্যক্তির কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা সম্ভব হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের দ্রুত গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।






















