সৌদি আরবের বিমানবন্দরে হুথিদের হামলার প্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর (বাংলাদেশ সময় ও তারিখ) পর্যন্ত বৃদ্ধি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার (২৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় জাতীয় পতাকাবাহী এই সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে জরুরি প্রয়োজনে যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থার কথা উল্লেখ করে জানানো হয়, যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে গমন এবং বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারবেন। যাত্রীদের বাড়তি চাহিদা বিবেচনায় গত ১৬ অক্টোবর থেকে ঢাকা-জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে বিশেষ ফ্লাইট পরিচালিত হচ্ছে, যা আগামী ৪ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। পাশাপাশি ঢাকা-মদিনা রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের মাধ্যমে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিত ফ্লাইট কার্যক্রম চালু রয়েছে।
স্থগিত হওয়া ফ্লাইটগুলোর পরবর্তী সিদ্ধান্ত ও নতুন সময়সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। যেকোনো তথ্য ও টিকিট পুনর্নির্ধারণের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।























