রাজধানীর উত্তরা এলাকায় তথ্য সংগ্রহ করতে গিয়ে গাজীপুর সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা মো. জাকির হোসেন (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখানোর অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মো. বেলায়েত হোসেন মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, অভিযোগকারী মো. বেলায়েত হোসেন ‘দৈনিক মুক্তখবর’ পত্রিকার স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে কর্মরত আছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তিনি মো. জাকির হোসেনের বিরুদ্ধে অবৈধ সম্পদ ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে উত্তরার সেক্টর-১৪, রোড-১৬ এর ১ নম্বর বাসায় যান। তথ্য সংগ্রহ শেষে সেখান থেকে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়া এলাকায় পৌঁছানোর পর অভিযুক্ত জাকির হোসেন তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে সাংবাদিক বেলায়েত হোসেনের নম্বরে কল করে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তিনি সাংবাদিকের বাসায় যাওয়া নিয়ে প্রশ্ন তোলেন এবং তাকে মিথ্যা মামলায় জড়ানোসহ বড় ধরনের ক্ষতি করার হুমকি প্রদান করেন।
এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে ভুক্তভোগী সাংবাদিক মিরপুর মডেল থানায় জিডি করেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।






















