মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফলভাবে বাস্তবায়ন ও স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়াতে ৩৮টি জেলার ১১১ জন সংসদ সদস্যকে (এমপি) আধা-সরকারি পত্র (ডিও লেটার) দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ। গত রোববার (১৮ অক্টোবর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট এমপিদের কাছে এই চিঠি পাঠানো হয়।
চিঠিতে মন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান, পুষ্টিনিরাপত্তা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে গত ৮ অক্টোবর থেকে শুরু হওয়া ২৯ অক্টোবর পর্যন্ত চলা এই অভিযানের সময় নির্ধারিত এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
মন্ত্রী আরও জোর দিয়ে বলেন, এই জাতীয় কর্মসূচির সফলতা কেবল আইন প্রয়োগকারী সংস্থা বা মৎস্য অধিদপ্তরের ওপর নির্ভর করে না; বরং স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোর ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিজ নিজ নির্বাচনী এলাকায় দলীয় নেতা-কর্মী ও সুপরিচিত ব্যক্তিদের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, জেলেদের আইন মেনে চলতে উদ্বুদ্ধকরণ এবং অবৈধ মৎস্য আহরণ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংসদ সদস্যদের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি।























