শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঘরমুখো যাত্রীদের চাপ সামলাতে ও যাতায়াত নির্বিঘ্ন করতে আজ থেকে সড়ক, রেল ও নৌপথে বিশেষ সেবা চালু করা হয়েছে। রেলপথ, সড়ক পরিবহন ও সেতু এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের নির্দেশে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজার রুটে তিন জোড়া বিশেষ ট্রেন চালু হয়েছে। সেই সাথে যাত্রীদের নিরাপত্তায় অতিরিক্ত ভাড়া আদায় ও টিকিট কালোবাজারি রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং সেতুর টোল প্লাজাগুলোতে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদিকে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) আজ থেকে শনিবার পর্যন্ত পরিচালনা করছে ২০০ বাসের ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’। দেশের ২২টি ডিপো থেকে পাওয়া যাচ্ছে অগ্রিম টিকিট এবং ঢাকার বিভিন্ন ডিপো ও গাজীপুর থেকে এসি, নন-এসি ও দ্বিতল বাসগুলো দেশের বিভিন্ন জেলায় যাত্রী পরিবহন করবে। জরুরি প্রয়োজনে ও যোগাযোগের জন্য বিআরটিসির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নম্বরও (টেলিফোন: ০২৪১০৫৩০৪২, মোবাইল: ০১৩২৪২৯৩৯৭৪, ০১৭১৮১৮৩৫৮৯) খোলা রাখা হয়েছে।























