চট্টগ্রাম বন্দরে ১০ কন্টেইনারে ১৫০ মেট্রিক টন কাঁচা তামাক আটক: প্রায় ৪৯৪ কোটি টাকার সিগারেট উৎপাদনের সম্ভাবনা, আমদানি ও উৎপাদন উভয় পর্যায়ে শুল্ক-কর ফাঁকির ঝুঁকিকাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃক চট্টগ্রাম বন্দরে গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানি লিমিটেডের বন্ড সুবিধায় পাকিস্তান থেকে আমদানিকৃত ১০ কন্টেইনারে ১৫০ মেট্রিক টন কাঁচা তামাকের চালান আটক করা হয়েছে।উক্ত তামাক দিয়ে আনুমানিক ২১.৪৩ কোটি শলাকা প্রিমিয়াম সিগারেট উৎপাদন সম্ভব, যার সম্ভাব্য খুচরা বাজারমূল্য প্রায় ৪৯৩.৮৬ কোটি টাকা।
প্রাথমিক পর্যালোচনায় আমদানি মূল্যে উল্লেখযোগ্য অসংগতি পরিলক্ষিত হয়েছে। একই HS Code-এর পণ্য প্রতি কেজি ৫.১০ মার্কিন ডলারে অ্যাসেসমেন্ট করা হলেও আলোচ্য চালানে ঘোষিত মূল্য প্রতি কেজি ১.৪৫ মার্কিন ডলার। পূর্ববর্তী মূল্য বিবেচনায় সম্ভাব্য আমদানি পর্যায়ের রাজস্ব প্রায় ২১.১২ কোটি টাকা।বন্ড সুবিধায় আমদানির কারণে পণ্যের প্রকৃত ব্যবহার ও উৎপাদিত পণ্যের হিসাব যথাযথভাবে সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করা না হলে আমদানি এবং পরবর্তী উৎপাদন ও বাজারজাতকরণ—উভয় পর্যায়েই শুল্ক-কর ফাঁকির গুরুতর ঝুঁকি রয়েছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, জাতীয় রাজস্ব বোর্ড।























