কুষ্টিয়ার খোকসায় পুলিশের বিশেষ অভিযানে একটি চাঞ্চল্যকর ডাকাতি মামলার এজাহারনামীয় আসামি মোঃ সোহাগ হোসেনকে (১৯) গ্রেফতার করা হয়েছে।
গত বুধবার সন্ধ্যা ০৬:১০ ঘটিকায় খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেনের নেতৃত্বে বশোয়া গ্রামে এই অভিযান পরিচালনা করে সোহাগকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সোহাগ হোসেন বশোয়া গ্রামের মোঃ গাফফার হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সে খোকসা থানার মামলা নং-০৪, তারিখ-২২/০৭/২০২৫ খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড (ডাকাতি মামলা) এর একজন অন্যতম আসামি। এর আগে মামলার অন্যান্য আসামিরা ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে দেওয়া জবানবন্দিতে সোহাগের জড়িত থাকার কথা স্বীকার করেছিল।
দীর্ঘদিন পলাতক থাকার পর, আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান নিশ্চিত করে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে ১৩/০৮/২০২৬ তারিখ বৃহস্পতিবার সকাল ১১:৪৫ ঘটিকায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
খোকসা থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন জানান, অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে এবং অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
উল্লেখ্য,গত বছরের ২০’জুলাই ছিল কুষ্টিয়ার খোকসায় বিধান রায়ের মেয়ের বিয়ের মূল আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে প্রস্তুতি চলছিল। ১৯’জুলাই দিবাগত রাত আড়াইটার দিকে ১০ থেকে ১২ জন মুখোশধারী বাড়িতে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তারা বিয়েতে আসা আত্মীয়স্বজনের স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে চলে যায়। সে সময় খোকসা থানায় মামলা হয়।সেই মামলায় সোহাগকে তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করা হয়।























