মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কালাই সরদারের চর বেপারী কান্দির বাসিন্দা প্যারালাইজড ও বুদ্ধি প্রতিবন্ধী আব্দুল জলিল লাঠিতে ভর দিয়ে ভিক্ষা করে জীবনযাপন করেন। সম্প্রতি এক রাতে চোরেরা তার ঘরের সামনে তালা দিয়ে পেছনের অংশে সিঁধ কেটে ঢুকে ভিক্ষা করে জমানো শেষ সম্বল—কিছু চাল ও সামান্য খুচরো টাকা চুরি করে নিয়ে যায়। সকালে উঠে নিজের একমাত্র অবলম্বন হারানোর দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন জলিল, যা দেখে ক্ষুব্ধ ও ব্যথিত হন স্থানীয়রা।
বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হলে দ্রুত তা মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনের নজরে আসে। খবর পেয়েই তিনি ফোনে খোঁজ-খবর নেন এবং সহযোগিতার আশ্বাস দেন। পরবর্তীতে আজ শুক্রবার বিকেলে তিনি সরাসরি আব্দুল জলিলের কুঁড়েঘরে উপস্থিত হয়ে তাৎক্ষণিক আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করেন।
শুধু সাময়িক সহায়তাই নয়, এমপি খোকন জলিলের জরাজীর্ণ বসতঘরের ভিটা ও ফ্লোর পাকা করে দেওয়ার ঘোষণা দেন এবং তার চিকিৎসার সার্বিক তদারকির দায়িত্ব নেন। এ সময় কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাশ, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংসদ সদস্যের এই দ্রুত ও মানবিক পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন আবেগাপ্লুত এলাকাবাসী।























