চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিএমএইচে পৌঁছে চিকিৎসাধীন ওই কর্মকর্তার শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী আহত সেনা কর্মকর্তার দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন এবং তার সর্বোচ্চ সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। আহত সেনা কর্মকর্তা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা ও সাহস জোগান তিনি। এতে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
গত বুধবার হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই দুই সেনাসদস্য নিহত হন এবং এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা সিএমএইচে নিয়ে আসা হয়। প্রধানমন্ত্রী উক্ত দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের বিদেহী আত্মার প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।























