সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করা এবং হাসপাতালের নিরাপত্তা জোরদারে ১০ জন আনসার সদস্য নিয়োগের ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ র্যালি করেছেন চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা। ৬ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়, যা হাসপাতাল সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন ধরে শ্রমিক অধ্যুষিত সাভার এলাকায় জনসংখ্যা ও রোগীর চাপের তুলনায় হাসপাতালের শয্যাসংখ্যা অপর্যাপ্ত ছিল। ৫০ শয্যার হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত বাস্তবায়িত হলে চিকিৎসাসেবার মান ও সক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পাবে। একই সঙ্গে হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে ১০ জন আনসার সদস্য নিয়োগের সময়োপযোগী উদ্যোগকেও তারা সাধুবাদ জানান। র্যালিতে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে রাব্বীসহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্তরের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।























