সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত ঢাকা-রিয়াদ ও ঢাকা-দাম্মাম রুটের সব ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও নতুন সময়সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
তবে জরুরি প্রয়োজনে যাত্রীরা সৌদি আরবে যাতায়াত কিংবা বাংলাদেশে ফিরতে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারবেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, টিকিট-সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য যাত্রীদের নিকটস্থ বিমানের সেলস সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
13 October 2026






















