চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেন্সিডিল জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। জব্দকৃত মদ ও ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৭৭ হাজার ২০০ টাকা।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে জেলার শিবগঞ্জ থানাধীন পাকা ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ফতেপুর বিওপির টহলদল শ্যামপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ভারতীয় ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। জব্দকৃত মদের আনুমানিক মূল্য ৬৬ হাজার টাকা এবং ফেন্সিডিলের মূল্য ১১ হাজার ২০০ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৭৭ হাজার ২০০ টাকা।
জব্দকৃত মদ ও ফেন্সিডিল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
বিজিবি আরও জানায়, চলতি সেপ্টেম্বর মাসে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর বিভিন্ন অভিযানে ভারতীয় ১৮৮ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৪৯ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ, ২৮ বোতল ফেন্সিডিল ও ৬৫ বোতল মদ জব্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






















