নিজেকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে ভুল পরিচয় দিয়ে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ সুবিধা নেওয়া এবং শৃঙ্খলা ভঙ্গ করে কর্মস্থল ত্যাগের অভিযোগে অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সম্প্রতি রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এই বরখাস্তের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
ঘটনার সূত্রপাত ২০২৫ সালের নভেম্বরে, যখন তিনি কোনো ধরনের প্রস্থান প্রতিবেদন বা অনুমোদন ছাড়াই কর্মস্থল ছেড়ে ঢাকা অভিমুখে রওনা হন। শাহ মখদুম বিমানবন্দরে নির্ধারিত ছুটির আগেই পৌঁছে নিজেকে জ্যেষ্ঠ কর্মকর্তা (ডিআইজি) হিসেবে পরিচয় দেন। অনুসন্ধানে দেখা যায়, তিনি আগেও একাধিকবার ভুয়া পরিচয় ব্যবহার করে ভিআইপি লাউঞ্জের সুবিধা ভোগ করেছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সদর দপ্তর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়।
পরবর্তী সময়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি। তদন্তে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয় এবং তিনি গত জানুয়ারি মাস থেকে কর্মস্থলে অনুপস্থিত ও আত্মগোপনে রয়েছেন। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামতের পর চূড়ান্তভাবে তাঁকে বরখাস্ত করা হয়। উল্লেখ্য, ২০তম বিসিএসের মাধ্যমে ২০০১ সালে পুলিশে যোগ দেওয়া এই কর্মকর্তা কর্মজীবনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এবং কুমিল্লা ও সিরাজগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।























