বায়ুদূষণ ও ক্ষতিকর কণার উপস্থিতি বিশ্বজুড়ে স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। জলবায়ু পরিবর্তন এবং অনিয়ন্ত্রিত উন্নয়নমূলক কাজের প্রভাবে বিভিন্ন শহরে বায়ুর মান আশঙ্কাজনকভাবে হ্রাস পাচ্ছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা ‘আইকিউএয়ার’-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় ২৪৯ স্কোর নিয়ে শীর্ষস্থানে রয়েছে মালয়েশিয়ার শহর কুচিং। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। অন্যদিকে, ১৫৭ স্কোর নিয়ে এই তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা, যার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ বলে চিহ্নিত করা হয়েছে।
আইকিউএয়ারের ইনডেক্স অনুযায়ী, শীর্ষ পাঁচ দূষিত শহরের মধ্যে কুচিংয়ের পর দ্বিতীয় স্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা (স্কোর ২৩২)। এরপর ১৭৭ স্কোর নিয়ে তৃতীয় স্থানে মালয়েশিয়ার কুয়ালালামপুর, ১৭০ স্কোর নিয়ে চতুর্থ স্থানে ভিয়েতনামের হ্যানয় এবং ১৬৩ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।
সংস্থাটির নির্ধারিত মানদণ্ড অনুসারে, স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান ‘অনেক ভালো’ এবং ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয়। স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।























