পিরোজপুরের কাউখালীতে ৬৯ রাউন্ড শর্টগানের কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ পরিচয়পত্রসহ শাওন ইসলাম অপু (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তা সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত শাওন ওই এলাকার মৃত শাখাওয়াত হোসেন ও মৃত বিউটি আক্তারের ছেলে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় মাদক ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানা পুলিশ শিয়ালকাঠী এলাকায় শাওনের বসতবাড়ির দোতলা ভবনের ছাদে অভিযান চালায়। সেখান থেকেই তাকে আটক করার পাশাপাশি এসব অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ৬৯টি শর্টগানের কার্তুজ (যার গায়ে ‘Rubber Buckshot, 2023-BP-67mm, Made in Cyprus’ লেখা রয়েছে), দুটি ওয়াকিটকি, দুটি দেশীয় ছোরা, একটি খেলনা পিস্তল, দুটি ভুয়া অস্ত্রের লাইসেন্স, একটি ভুয়া পুলিশ আইডি কার্ড এবং চামড়ার একটি অস্ত্রের কভার।
পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জানান, উদ্ধার হওয়া কার্তুজের সঙ্গে কোনো আসল অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। কাউখালী থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।






















