প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃতি, পরিবেশ ও প্রাণিকুলের প্রতি ভালোবাসা ও যত্নশীল হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সৃষ্টির সেরা জীব হিসেবে গাছপালা ও প্রাণীদের যত্ন নেওয়া মানুষের দায়িত্ব; তাই কোনো প্রাণীকে আঘাত না করে সবার প্রতি মমত্ববোধ দেখাতে হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এই তথ্য নিশ্চিত করেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বেশি করে গাছ লাগানো, চারপাশ পরিচ্ছন্ন রাখা এবং ছোটবেলা থেকেই পরিবেশ সচেতন অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি কেবল পড়ালেখায় সীমাবদ্ধ না থেকে নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড যেমন—গান, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, বাদ্যযন্ত্র চর্চা ও ক্বিরাত চর্চায় অংশ নিতে উৎসাহিত করেন। খেলাধুলার শারীরিক ও মানসিক উপকারিতা তুলে ধরে তিনি বলেন, এটি শরীর সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও দলগত কাজের মানসিকতা তৈরি করে।
রাজশাহীর পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, সাভার উচ্চ বালিকা বিদ্যালয়, তেজগাঁও মহিলা কলেজ এবং টঙ্গীর শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের কয়েকশত শিক্ষার্থী ও শিক্ষক জাতীয় সংসদ ভবনে এসে সংসদের অধিবেশন প্রত্যক্ষ করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার ও দিকনির্দেশনা পাওয়ার সুযোগকে স্মরণীয় উল্লেখ করে শিক্ষার্থীরা গভীর উচ্ছ্বাস প্রকাশ করেন।























