নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। সোমবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কাছে সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বরগুনা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ‘আরপি পরিবহন’-এর একটি বাস পঞ্চগড় থেকে ঝিনাইদহগামী একটি বালু বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজনের মৃত্যু হয়। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন জানান, ট্রাকটি তার নিজস্ব লেনে চলছিল; প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দ্রুতগতির বাসটি অন্য একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটায়। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে এখন পর্যন্ত ৯ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তারা হলেন—রাজশাহীর বাগমারার আনোয়ার হক (৩০), গোদাগাড়ীর বাসচালক সোহেল রানা (৪০), পটুয়াখালীর মির্জাগঞ্জের তাছফিয়া খাতুন (৮), শরীয়তপুরের জাজিরার সোহাগ হোসেন (৩০), জুয়েল রানা (৪০), শালাল মোল্লা (৪৫), শাহিন হোসেন (২৫), সামাদ (৭০) ও কাশেম (৩৫)।























