দেশে মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৩৩ জন নতুন রোগী।
সোমবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ২৩৫ জন খুলনা বিভাগের। এছাড়া ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২২৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৮ জন, বরিশাল বিভাগে ১৫৩ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৪৩ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৩৯ জন, রাজশাহী বিভাগে ৯৯ জন, রংপুর বিভাগে ৩৬ জন এবং সিলেট বিভাগে ৫ জন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৪৩ হাজার ৮২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১২১ জন।























