আওয়ামী লীগের যাবতীয় রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই খারিজের আদেশ প্রদান করেন।
এর আগে গত ৭ সেপ্টেম্বর মুন্সীগঞ্জের বাসিন্দা মো. আল আমিন হাইকোর্টে এই রিট আবেদনটি দায়ের করেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী। দায়ের করা এই রিটে ২০২৫ সালের ১২ মে জারি করা ওই প্রজ্ঞাপনটিকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছিল।
উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে ২০২৫ সালের ১২ মে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে উল্লেখ করা হয় যে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে। প্রজ্ঞাপন অনুযায়ী, বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো, সভা-সমাবেশ, মিছিল কিংবা সম্মেলন আয়োজনসহ সব ধরনের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।






















