ভোলার দিক থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চে অসুস্থ হয়ে পড়া এক যাত্রীকে চিকিৎসা সহায়তা দিয়েছে কোস্ট গার্ড। জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন পেয়ে কোস্ট গার্ডের একটি মেডিকেল দল তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে কোস্ট গার্ডের বোটে তাকে সদরঘাটে এনে অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়।
বুধবার (২৮ অক্টোবর) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ অক্টোবর উন্নত চিকিৎসার জন্য ভোলা থেকে ঢাকাগামী ‘এমভি ফারহান-০৯’ লঞ্চে ঢাকার উদ্দেশে রওনা হন ওই যাত্রী। রাত তিনটার দিকে লঞ্চটি মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু-সংলগ্ন এলাকায় পৌঁছালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এ সময় লঞ্চে থাকা আরেক যাত্রী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।
খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিকেল দল দ্রুত লঞ্চটিতে পৌঁছে অসুস্থ যাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেয়। পরে কোস্ট গার্ডের বোটে তাকে সদরঘাট লঞ্চ টার্মিনালে আনা হয়। সেখান থেকে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে পাঠানো হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জনসেবায় কোস্ট গার্ড সব সময় নিয়োজিত রয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।























