রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মরত আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া ৫ বছরের এক শিশু উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৭টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে বলে হাসপাতালের আনসার ক্যাম্প ইনচার্জ (পিসি) মোঃ আমিনুল হক এই তথ্য জানান।
তিনি বলেন, হৃদরোগ হাসপাতালের ৭ম তলার ২০ নম্বর ওয়ার্ডের ৬৫ নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি ছিলেন খতেজা বেগম (৩৮)। হঠাৎই তার ৫ বছর বয়সী সন্তান শিশু মোঃ আরমান হোসেন ওয়ার্ড থেকে নিখোঁজ হয়ে যায়। পরিবার ও স্বজনেরা দীর্ঘক্ষণ হাসপাতাল চত্বরে খোঁজাখুঁজি করে শিশুর কোনো সন্ধান না পেয়ে চরম হতাশ হয়ে পড়েন এবং একপর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট সহায়তার আবেদন জানান। বিষয়টি জানার পর হাসপাতাল কর্তৃপক্ষের তাৎক্ষণিক নির্দেশনায় আনসার বাহিনীর একটি বিশেষ টিম উদ্ধার অভিযানে নামে।
আমিনুল হক বলেন, পুরো হাসপাতাল জুড়ে দীর্ঘসময় অনুসন্ধানের পর হাসপাতালের ৬ষ্ঠ তলার ১৫, ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী এলাকা থেকে শিশু আরমান হোসেনকে সুস্থ অবস্থায় উদ্ধার করেন আনসার সদস্যরা। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে শিশুটিকে স্বস্তিতে ও সশরীরে তার স্বজনদের হাতে তুলে দেওয়া হয়।
শিশুটির পরিবার চাঁদপুরের ফরিদগঞ্জ থানার পশ্চিম বড়ালি গ্রামের বাসিন্দা ফিরোজ আলম ও খতেজা বেগম দম্পতি।
তিনি বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষের নিরাপত্তায় আনসার বাহিনী সর্বদা নিয়োজিত এবং জনসেবায় তাদের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।
























