হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়াতে নতুন প্রযুক্তিগত উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এই ব্যবস্থার আওতায় বিমানবন্দরের ৮টি লাগেজ বেল্ট এলাকায় ৩২টি সিসিটিভি ক্যামেরা এবং ৬৫ ইঞ্চি আকারের ১৮টি মনিটর স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে উড়োজাহাজ থেকে লাগেজ নামানো, পরিবহন ও বাছাই করা থেকে শুরু করে বেল্টে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়াটির লাইভ দৃশ্য সরাসরি মনিটরে দেখতে পাবেন যাত্রীরা।
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত শাহজালাল বিমানবন্দর আকস্মিক পরিদর্শন করে ‘লাইভ মনিটরিং স্ক্রিন’ স্থাপনের নির্দেশনা দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বেবিচক জানায়, প্রবাসীসহ দেশি-বিদেশি সব যাত্রী যেন নির্বিঘ্নে লাগেজ সংগ্রহ করতে পারেন, সে লক্ষ্যেই প্রযুক্তিনির্ভর এই সেবার সম্প্রসারণ। এই উদ্যোগ লাগেজ হ্যান্ডলিং কার্যক্রমের স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহি বাড়ানোর পাশাপাশি বিমানবন্দরে যাত্রীসেবার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।























