সোমবার (১৯ অক্টোবর) ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ও ‘ওসমানী উদ্যানের আধুনিকায়ন’ কাজের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কেবল বিরোধিতার খাতিরে কাজ না করে দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন। রাজনৈতিক বিরোধিতা করতে গিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করা হলে তা হবে জুলাই আন্দোলনের শহীদদের সঙ্গে চরম প্রতারণা।
অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও বিরোধী দলের অনুপস্থিতির তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল মূলত বিরোধিতার জন্যই বিরোধিতা করছে এবং তারা জুলাই আন্দোলনের চেতনাকে অন্তরে ধারণ করে না। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনের মূল লক্ষ্যই ছিল এক—দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা। জুলাই স্মৃতিস্তম্ভে ৮১৩ জন শহীদের নাম লিপিবদ্ধ রয়েছে, যাদের রক্ত ও ত্যাগের বিনিময়েই দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এসেছে। জনগণ আগামী ৫ বছরের জন্য জাতীয়তাবাদী দলকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে।
রাজনৈতিক মতভেদ দূরে রেখে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এডিস মশা সরকারি বা বিরোধী দল চেনে না। তাই ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক কর্মসূচিতে সবাইকে একসঙ্গে অংশগ্রহণ করার অনুরোধ জানান তিনি।

























