ঢাকার সাভারে অনলাইনভিত্তিক ক্রিপ্টোকারেন্সি ও ফরেক্স ট্রেডিংয়ের নামে অবৈধ বিনিয়োগ কার্যক্রম পরিচালনার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। একই সঙ্গে তাঁদের কাছ থেকে চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
ডিবির পক্ষ থেকে জানানো হয়, সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকার একটি রেস্তোরাঁ থেকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জাহাঙ্গীর আলম (৪৫), মো. রেজাউল কবির (৫৪), ওবায়দুর রহমান (৬৮) এবং মো. সুজন (৪৩)।
পুলিশ জানায়, জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিবির এই তৎপরতা চালানো হয়। আটককৃত ব্যক্তিরা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সি ও ফরেক্স ট্রেডিংয়ে সাধারণ মানুষকে বিনিয়োগে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।





















