রাজধানীর কোতোয়ালি থানার মিটফোর্ড মেট্রো সুপার মার্কেটে এক যৌথ অভিযান চালিয়ে ১০ লাখ টাকা মূল্যের অননুমোদিত, কর ফাঁকি দেওয়া এবং বিক্রয় নিষিদ্ধ ওষুধ জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওষুধ প্রশাসন অধিদপ্তর এবং র্যাব-১০-এর সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ওষুধ প্রশাসন অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রশীদ এবং ওষুধ পরিদর্শক মো. মাকসুদুল হক রাতুল উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে র্যাব-১০ (লালবাগ) এর একটি দল।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কিছু অসাধু ব্যবসায়ী কর ফাঁকি দিয়ে বিক্রয় নিষিদ্ধ ওষুধ বিক্রির পাশাপাশি বিভিন্ন গুদামে ইনসুলিনসহ অন্যান্য তাপসংবেদনশীল ওষুধ যথাযথ তাপমাত্রায় সংরক্ষণ করছিলেন না, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এছাড়া সরকার কর্তৃক নিষিদ্ধ ওষুধ মজুত করার অপরাধে একটি গুদাম সম্পূর্ণ সিলগালা করে দেওয়া হয়। যথাযথ নিয়ম না মেনে ওষুধ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে চারজন ব্যবসায়ীকে জরিমানা করেন এবং জব্দকৃত ১০ লাখ টাকা মূল্যের অবৈধ ওষুধগুলো ধ্বংসের উদ্দেশ্যে র্যাবের হেফাজতে নেওয়া হয়েছে।


Md.Rasel Khan 




















