নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছেন নাটোর-৪ আসনের সাবেক এমপি ও বিএনপি নেতা আবদুল আজিজের ছেলে নূরুজ্জামান মিন্টু। তিনি গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন। বুধবার যুবদলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাতে চাঁচকৈড় বাজার এলাকায় সশস্ত্র দুর্বৃত্তরা শাকিলের ওপর হামলা চালিয়ে তাঁকে কুপিয়ে মারাত্মক জখম করে। রাজশাহী ও ঢাকার হাসপাতালে টানা ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গত সোমবার রাতে শাকিল মারা যান। ঘটনার পেছনের জড়িত সন্দেহে সোমবার রাতেই পুলিশ মিন্টুকে গ্রেপ্তার করে এবং আদালত তাঁর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এদিকে, হত্যার শিকার হওয়ার আগে নিজের নিরাপত্তাহীনতার কথা জানিয়ে শাকিল সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন এবং থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন। কিন্তু জিডি করার পরও শাকিলকে রক্ষা করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর বাবা রবিউল করিম। তিনি অভিযোগ করেন, জিডির পরও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি এবং ঘটনার পরও আসামিদের গ্রেপ্তারে নিষ্ক্রিয় ছিল। জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, জিডি ও ফেসবুক বার্তার বিষয়সহ সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে নিরপেক্ষ তদন্ত চালানো হচ্ছে।























