সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ৯টি বিয়ে ও পরকীয়ার অভিযোগ প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ইসলামি বক্তা হাবিবুর রহমান মিছবাহ। সম্প্রতি এক ফেসবুক পোস্টে তিনি নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে অপপ্রচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং আত্মপক্ষ সমর্থনে ‘মুবাহালা’র (সত্য-মিথ্যার চূড়ান্ত ফয়সালায় অভিশাপের শপথ) চ্যালেঞ্জ ছুড়ে দেন।
সামাজিক মাধ্যমে উঠে আসা অভিযোগগুলো সরাসরি অস্বীকার করে তিনি জানান, তার বিরুদ্ধে আনীত ৯টি বিয়ের তথ্য সঠিক নয়। নাঈমা জান্নাত তার পঞ্চম স্ত্রী নন, বরং বর্তমান দ্বিতীয় স্ত্রী। ওই নারী তাকে পাঠানো উকিল নোটিশেও নিজেকে দ্বিতীয় স্ত্রী হিসেবেই উল্লেখ করেছেন। এছাড়া তাদের বিয়ের যথাযথ কাবিন ও রেজিস্ট্রি রয়েছে এবং মিছবাহর পূর্বের ঘরে স্ত্রী-সন্তান আছে জেনেও তিনি এই সংসারে এসেছিলেন।
পরকীয়া কিংবা কোনো ধরনের যৌতুক দাবির কথা অস্বীকার করে এই বক্তা কোরআনি রীতি অনুযায়ী মুবাহালার ঘোষণা দেন। তিনি আল্লাহর নামে শপথ করে বলেন, তিনি যদি তার বক্তব্যে সত্যবাদী হন তবে মিথ্যা রটনাকারীদের ওপর যেন আল্লাহর লানত বা অভিশাপ বর্ষিত হয়। অন্যদিকে তিনি নিজে মিথ্যা বলে থাকলে সেই অভিশাপ যেন তার নিজের ওপরই নেমে আসে। নিজের অভিযোগকারী বা সমালোচকদের উদ্দেশ্যে তিনি একই নিয়মে মুবাহালায় অংশ নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও উল্লেখ করেন যে, বিষয়টি যেহেতু আদালত পর্যন্ত গড়িয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে, তাই তিনি আইনিভাবেই এর জবাব দিতে পুরোপুরি প্রস্তুত। নিজের সম্মানহানি ও অপপ্রচারের বিষয়টি এখন থেকে সম্পূর্ণ আল্লাহর ফয়সালার ওপর ছেড়ে দিয়েছেন বলেও তিনি জানান।























