চিত্রনায়িকা মৌসুমী ও ছেলে ফারদিন এহসান স্বাধীনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। গত বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বিএফডিসি মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এই মিথ্যা তথ্যযুক্ত পোস্টগুলো আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা না হলে তিনি কঠোর আইনি ব্যবস্থা তথা মামলা করবেন।
ওমর সানী স্পষ্ট করে বলেন, তাঁদের পরিবার অত্যন্ত ভালো ও সুখে আছে। বর্তমানে মৌসুমী যুক্তরাষ্ট্রে এবং ছেলে ফারদিন দুবাইয়ে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রে তাঁদের কোনো সম্পত্তি না থাকায় মৌসুমীকে বাড়ি থেকে বের করে দেওয়ার খবরটি সম্পূর্ণ মিথ্যা। ভিত্তিহীন গুজব ছড়ানো ব্যক্তিদের উদ্দেশ্যে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন। চলচ্চিত্রে এসে কি আমরা পাপ করেছি? আমাদের নিয়ে এসব করে কত টাকা কামাবেন?”
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ভিডিও কলে যুক্ত হন ছেলে ফারদিন এহসান স্বাধীন। তিনিও অপপ্রচারের নিন্দা জানিয়ে বলেন, মা-বাবাকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানহানিকর তথ্য ছড়ানো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রতিদিন গ্রুপ কলে কথা বলা এই পরিবারের ভেতর কোনো ভাঙন বা নেতিবাচক প্রভাব ফেলার সুযোগ নেই। এ ধরনের অপপ্রচার ও হয়রানিমূলক মন্তব্যের বিরুদ্ধে ইতিমধ্যেই আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে আইনি নোটিশ পাঠানো এবং মানহানির মামলা করার প্রস্তুতি শুরু করেছেন তিনি।























