রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সাংবাদিক পরিচয় ব্যবহার করে রিকশাচালকদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে মো. সজিব পাঠান সম্রাট (২৮) নামে এক যুবককে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক ওয়ারী বিভাগ। বুধবার ট্রাফিক ওয়ারী বিভাগের বরাতে এ তথ্য জানান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
পুলিশ জানায়, যাত্রাবাড়ী মোড়ে দায়িত্ব পালনকালে ট্রাফিক সদস্যরা জানতে পারেন, এক ব্যক্তি নিজেকে একটি পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন অজুহাতে রিকশাচালকদের কাছ থেকে টাকা আদায় করছেন। পরে অভিযান চালিয়ে সজিব পাঠান সম্রাটকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, অন্য এক ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করা সাংবাদিক পরিচয়ের আইডি কার্ড ব্যবহার করে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করতেন। আটক ব্যক্তিকে যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।























