জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দিনাজপুরের হিলির বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা । হাকিমপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুরে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেনের নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্সসহ এলাকার বিভিন্ন স্থানে নিমগাছ রোপণ করা হয়।
বৃক্ষরোপণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিচ্ছন্নতা অভিযান চালান উপস্থিত নেতাকর্মীরা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন এবং স্বেচ্ছাসেবক দল নেতা আজমসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।




















