রাজশাহীতে সারের কোনো সংকট নেই উল্লেখ করে কৃষকদের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী। আসন্ন আমন ও বোরো মৌসুম সামনে রেখে আজ সকাল ১১টায় নগরের নওদাপাড়া এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সার গুদাম পরিদর্শনের পর তিনি জানান, জেলার মাসিক চাহিদার চেয়েও কয়েক গুণ বেশি ইউরিয়া ও নন-ইউরিয়া সার সরকারি গুদামে মজুত রয়েছে।
বর্তমানে বিসিআইসির বাফার গুদামে ৯,৮০৪ টন ইউরিয়া, ৪৩০ টন টিএসপি ও ৮৫.৫ টন ডিএপি এবং বিএডিসির গুদামে ৬,৩১২ টন টিএসপি, ৮০১ টন এমওপি ও ৪,৩৪৮ টন ডিএপি সার মজুত আছে। উদাহরণস্বরূপ, চলতি মাসে টিএসপির ১,০৪৫ মেট্রিক টন বরাদ্দের বিপরীতে সাড়ে ৬ হাজারের বেশি মেট্রিক টন এবং ইউরিয়ার ৫,৭০০ মেট্রিক টন বরাদ্দের বিপরীতে কেবল একটি গুদামেই প্রায় ১০,০০০ টন সার রয়েছে।
বিভাগীয় কমিশনার জোর দিয়ে বলেন, বাইরে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর কারণেই বাজারে কৃত্রিম সংকটের কথা শোনা যাচ্ছে, যার কোনো ভিত্তি নেই। কৃষি মন্ত্রণালয়ের বরাদ্দ অনুযায়ী ডিলারদের নিয়মিত সার সরবরাহ করা হচ্ছে এবং ডিলাররাও স্বাভাবিকভাবে বিক্রি চালু রেখেছেন। পরিদর্শনকালে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তফা কামাল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।























