রাজধানীর শাহ আলী থানাধীন ব্লক-এ এলাকার ৫/৬ নম্বর বাসার ৮ম তলা থেকে পড়ে নূর আলিম বিশ্বাস (২৬) নামের এক ওষুধ কোম্পানির কর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত ১২ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক রাত ৮:০০ ঘটিকায় এই ঘটনা ঘটে। নিহত নূর আলিম বিশ্বাস ফরিদপুর জেলার বোয়ালমারী থানার দুর্গাপুর গ্রামের আতিয়ার বিশ্বাস ও আমেনা বেগমের ছেলে। তিনি বর্তমানে আদাবর থানার মোহনপুর নাহার গলির ৫/১B নম্বর বাসায় (হক সাহেবের গ্যারেজের পাশে) থাকতেন এবং ‘বায়োগ্যালন’ নামক একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন।
ঘটনার দিন রাতে উক্ত ভবনের ৮ম তলার বাসিন্দা ও নিহতের চাচাতো ভাই মোঃ ইব্রাহিমের বাসা থেকে হঠাৎ ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার শোনা যায়। চিৎকার শুনে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং নূর আলিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ৮:৫৫ ঘটিকায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিক তদন্ত ও স্থানীয় সূত্রে ধারণা করা হচ্ছে, নিহত নূর আলিমের সাথে তার চাচাতো ভাই ইব্রাহিমের স্ত্রী মোছাঃ কলি আক্তারের পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হওয়ার এক পর্যায়ে নূর আলিম ভবনের ছাদে উঠে যান এবং সেখান থেকে নিচে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন।
এই ঘটনার প্রেক্ষিতে শাহ আলী থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে হেফাজতে নিয়েছে। আটককৃতরা হলেন—
মোঃ ইব্রাহিম (৩০): নিহতের চাচাতো ভাই (এসিআই ওষুধ কোম্পানির কর্মী)।
মোসাঃ কলি আক্তার (২৫): ইব্রাহিমের স্ত্রী।
মোঃ রিফাত শেখ (২৮): কলি আক্তারের বড় ভাই (পিতা- মোঃ কামাল শেখ, মাতা- মিতা খানম, সাং- গোপালপুর বাজরা, থানা- আলফাডাঙ্গা, জেলা- ফরিদপুর)।
বর্তমানে নিহতের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ আটককৃতদের জিজ্ঞাসাবাদ করছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
















