শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও অপ্রীতিকর ঘটনার প্রেক্ষাপটে বড় ধরনের সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির ঢাকা মহানগর উত্তর শাখা এবং এর দুই সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দল ও অঙ্গসংগঠনের মোট আটজন নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বুধবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিএনপি নেতৃত্ব এসব সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানায়।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. আমিনুল হককে আহ্বায়ক ও মোস্তফা জামানকে সদস্য সচিব করে গঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের পুরো আহ্বায়ক কমিটি বাতিল করা হয়েছে। খুব দ্রুতই এই ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়। দলীয় সূত্রের খবর, সাম্প্রতিক সময়ে ঢাকা মহানগর উত্তর এলাকায় নানা অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতার সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতেই দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে দ্রুত এই কমিটি বিলুপ্ত করা হয়।
একই বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনবিরোধী ও অনৈতিক কাজে জড়িত থাকার দায়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন—শাহআলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, সি-ব্লক ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুর রহমান শুভ্র। তাঁদের প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অন্যদিকে, অঙ্গসংগঠনগুলোর কার্যক্রমে গতি ফেরাতে ও পুনর্গঠনের অংশ হিসেবে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। মেয়াদ পার হয়ে যাওয়ায় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন যৌথভাবে এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
একইভাবে মেয়াদ শেষ হওয়ায় ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম জানান, দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি ঘোষণা করা হবে। কমিটি বিলুপ্তির পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের পাঁচ নেতাকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন—সহসভাপতি সারোয়ার আলম পিয়াস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, দারুসসালাম থানা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল দিপু, সদস্য সচিব ওমর নাঈম এবং ৯৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব শান্ত রহমান। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন।




















